![]()
আপনি কি মায়ানমারের বিরোধী নেত্রী এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রতীক অং সান সু চীর প্রতি সমর্থন প্রকাশ করতে চান? গত সপ্তাহে এক নতুন ওয়েব সাইট চালু করা হয়েছে যেখানে সারা বিশ্বের যে কেউ সুচীর প্রতি একাত্বতা ঘোষণা করে ৬৪ শব্দের একটা বাণী লিখে রেখে যেতে পারবে। এই ওয়েবসাইটের নাম 64forSuu.org বা ৬৪ফরসু.ওআরজি। এই ওয়েবসাইটের নামকরন করা হয়েছে সুচীর ৬৪ তম জন্মদিন উপলক্ষ্যে, যা ছিল জুনের ১৯ তারিখ।
অং সান সু চীর সমর্থকরা এই ওয়েব সাইটে ভিডিও রেখে যেতে এবং দেখতে পারবে, তারা টেক্সট মেসেজ বা লিখিত বার্তা, টুইটার ও ছবি হিসেবে বার্তা বা পিকচার মেসেজ রেখে যেতে পারবে। উদাহরন হিসেবে সমর্থনের জন্য ৬৪ শব্দের এক নমুনা বার্তা।
“উনিশ বছর আগে বার্মার জনগণ অং সান সু চীকে তাদের পরবর্তী নেতা হিসেবে বেছে নিয়েছিল। এরপর ১৯ বছরের বেশীর ভাগ সময় তাকে গৃহবন্দী হিসেবে কাটাতে হয়। বার্মার সামরিক জান্তা তাকে গ্রেফতার করে। জান্তাই দেশটিকে চালায়। সুচী আবার নিরব হয়ে যাক তার জন্য আমরা বসে থাকতে পারি না। এখন আর্ন্তজাতিক সম্প্রদায়ের সময় এসেছে এক কন্ঠে আওয়াজ তোলার: অং সান সু চীকে মুক্ত কর।
এই বিবৃতিতে অনেক ব্যাক্তি ও বিখ্যাত নাম সই করেছে। এদের মধ্যে রয়েছে জর্জ ক্লুনি, আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মেডলিন অলব্রাইট, ড্রু ব্যারিমোর, ডেভিড বেকহাম, বোনো, ম্যাথিউ ব্রডরিক, সান্ড্রা বুলক, জন কুসাক, ম্যাট ডেমন, রবার্ট ডি নিরো, ভ্যাকলাভ হ্যাভেল, হেলেন হান্ট, এ্যাঞ্জেলিকা হিউস্টন, স্কারলেট জোহানসন, নিকোল কিডম্যান, এ্যাস্টন কুচার, ম্যাডোনা, সারাহ জেসিকা পার্কার, ব্রাড পিট, জুলিয়া রবার্টস, মেগ রায়ান, স্টিভেন স্পীলবার্গ, মেরিল স্ট্রীপ, আর্চ বিশপ ডেসমন্ড টুটু, নাওমি ওয়াটস।
এই প্রচারণার অংশীদার টুইটার:
এটাই প্রথম রাজনৈতিক প্রচারণা যাতে ওযেবসাইটের সাথে টুইটার ব্যবহার করা হচ্ছে। এর উদ্দেশ্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রেটি বা তারকাদের কাছে পৌঁছানো ও প্রভাব তৈরী করা। পুনারায় টুইট-এর মাধ্যমে উত্তর পাঠানো যায় এবং এই প্রচারনার বার্তা টুইটারের মাধ্যমেই কেবল মাত্র পাঁচদিনে পাঁচ মিলিয়ন লোকের কাছে পৌঁছেছে ।
অং সান সুচীর জন্য যারা টুইটার করেছে তাদের মধ্যে একজন ইয়োকো উনো। ওয়েবসাইট বেশ সাফল্যের সাথেই প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অং সান সুচীর সমর্থনে তাদের বিবৃতি পাঠিয়েছেন।
বৃটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন অং সান সু চীকে সমর্থন করেছেন। ইউটিউবে তার মেসেজ বা বার্তাটি দেখুন।

















